সেনবাগে ছিলোনিয়া ইউনিয়ন’ করার দাবিতে গণশুনানি অনুষ্ঠিত
মোঃসামছু উদ্দিন লিটন, সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা
নোয়াখালীর সেনবাগ উপজেলার অর্জুনতলা ইউনিয়ন পরিষদের নাম পরিবর্তন করে ‘ছিলোনিয়া ইউনিয়ন পরিষদ’ নামকরণের প্রস্তাবের বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত ইউনিয়নের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। পরে ইউনিয়ন পরিষদের হলরুমে আলোচনা সভার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
অর্জুনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুম।
এ সময় উপস্থিত ছিলেন অর্জুনতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ, ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদাত হোসেন সাধন, সাবেক সাধারণ সম্পাদক হোসেন শহীদ সোহরাওয়ার্দী, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, শিক্ষক, সমাজকর্মী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ।
গণশুনানিতে অংশগ্রহণকারীরা ইউনিয়নের ঐতিহাসিক, ভৌগোলিক ও জনসম্পৃক্ততার বিষয়টি তুলে ধরে ইউনিয়নের নাম ‘ছিলোনিয়া ইউনিয়ন’ করার পক্ষে নিজেদের মতামত উপস্থাপন করেন। উপস্থিত জনগণের মতামত, লিখিত প্রস্তাব এবং সুপারিশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট পাঠানো হবে বলে সভায় জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুম বলেন, জনগণের মতামত ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। গণশুনানির মাধ্যমে স্থানীয় জনগণের মতামত গ্রহণ করা হয়েছে, যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যথাযথভাবে উপস্থাপন করা হবে।





