সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন
সংবিধানের ৫১ অনুচ্ছেদের দোহাই দিয়ে সাহাবুদ্দিন চুপ্পুর (সাবেক রাষ্ট্রপ্রতি) গ্রেপ্তার ঠেকানো যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন এমপি।
রোববার রাত সাড়ে ৯টায় চুয়াডাঙ্গার জীবননগর মুক্তমঞ্চে ন্যায়, গণতন্ত্র, অধিকার ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এনসিপির জুলাই জাগরণ পদযাত্রা ও পথসভায় তিনি এই মন্তব্য করেন।
আখতার হোসেন বলেন, সংবিধানের ৫১ অনুচ্ছেদের দোহাই দিয়ে সাহাবুদ্দিন চুপ্পুর (সাবেক রাষ্ট্রপতি) গ্রেপ্তার ঠেকানো যাবে না। ৫১ অনুচ্ছেদ সাহাবুদ্দিন চুপ্পুর গ্রেপ্তারের বিরুদ্ধে কোনো ধরনের কোনো সুরক্ষা আর অবশিষ্ট নেই।
বিএনপি জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে মন্তব্য করে এনসিপির এই সদস্যসচিব আরও বলেন, গণভোটে দেশের ৭০ শতাংশ মানুষ হ্যাঁ ভোটের পক্ষে রায় দিয়েছে। তবে বিএনপি গণভোটের রায় বাস্তবায়ন করেনি।
এ সময় আখতার অভিযোগ করেন, বিএনপি সবকিছু দলীয়করণ করার চেষ্টা করছ। এমনকি নিবার্চন কমিশন দলীয়করণ করার চেষ্টা শুরু করেছে।
অনুষ্ঠানে বক্তব্য দেন এনসিপির যুগ্ম সদস্যসচিব মোল্লা মোহাম্মদ ফারুক আহসান, এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতু প্রমুখ।
অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা এনসিপির আহ্বায়ক খাজা আমিরুল বাশার বিপ্লব, সদস্যসচিব আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক সোহেল পারভেজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম সারোয়ার ছোটন, আলী রুশদী মজনু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গার সাবেক আহ্বায়ক আসলাম অর্ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গার মুখ্য সংগঠক মোস্তাফিজুর রহমান প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন এনসিপি নেতা মহিউদ্দিন রনি, এনসিপি নেতা ফরিদুল হক, ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ হাসান।
এছাড়া উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাজেদুর রহমান, নায়েবে আমির সাখাওয়াত হোসেন, সেক্রেটারি মাহফুজুর রহমান, সাবেক পৌর আমির নূর ইসলাম, সেক্রেটারি ইব্রাহিম খলিল, জীবননগর পৌর যুব জামায়াতের সভাপতি আরিফুল ইসলাম জোয়ার্দার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জীবননগর উপজেলার সাবেক সদস্যসচিব হৃদয় প্রমুখ।
এর আগে রোববার ঝিনাইদহে দেশ গড়তে এনসিপির জুলাই জাগরণ পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়। সোমবার বেলা ৩টায় চুয়াডাঙ্গা এনসিপির জুলাই জাগরণ পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হবে।





