কেরানীগঞ্জে ১৫ কোটি টাকার জমির নথিতে এসিল্যান্ডের স্বাক্ষর জাল, গ্রেপ্তার ১
কেরানীগঞ্জ প্রতিনিধি:
ঢাকার কেরানীগঞ্জে প্রায় ১৫ কোটি টাকা মূল্যের জমির নথিতে সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ডের স্বাক্ষর জাল করার অভিযোগে মো. সুমন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৩ আগস্ট) কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলের ভূমি অফিসে একটি ‘মিস কেস’-এর শুনানির সময় জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। শুনানিতে নথিপত্র যাচাই করতে গিয়ে এসিল্যান্ড জান্নাতুল মাওয়া দেখতে পান, একটি আবেদনে তাঁর নামে ভুয়া স্বাক্ষর ব্যবহার করা হয়েছে।
ভূমি অফিস সূত্র জানায়, মান্দাইল মৌজার ৫২ শতাংশ জমি নিয়ে ওই মামলা। জমিটির আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ কোটি টাকা। জাল স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত হওয়ার পর এসিল্যান্ড তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন।
পরে আটিবাজার পুলিশ ফাঁড়ির এসআই মো. আব্দুল জলিলের নেতৃত্বে পুলিশের একটি দল ভূমি অফিসে গিয়ে সুমনকে গ্রেপ্তার করে।
এসিল্যান্ড জান্নাতুল মাওয়া জানান, সরকারি নথিতে স্বাক্ষর জালিয়াতির বিষয়টি শনাক্ত হওয়ার পরই আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় ভূমি অফিসের অফিস সহায়ক মোহাম্মদ মহিউদ্দিন বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা করেছেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।





