মাদারীপুরে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মশাল মিছিল
মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের বিভিন্ন নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের প্রতিবাদে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১২ আগস্ট বুধবার রাতে শহরের শকুনি লেক পাড়ের মুক্তমঞ্চ থেকে মশাল মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মাদারীপুর সদর মডেল থানার সামনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। এতে ছাত্রদল, ছাত্রশিবির, গণঅধিকার পরিষদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী, বিভিন্ন এলাকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা অংশ নেন। এবং বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েক হাজার বিক্ষোভকারী এতে অংশগ্রহণ করেন।
সমাবেশটি সঞ্চালনা করেন মাদারীপুর জেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ কামরুল হাসান। এতে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান, জেলা শিবিরের সাবেক সভাপতি মো. বিল্লাল হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইখতিয়ার আহমেদ, গণঅধিকার পরিষদ ও এনসিপি নেতারা বক্তব্য রাখেন। প্রান্তিক পর্যায়ে প্রতিনিধি হিসেবে কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কাউসার হোসেনসহ বিভিন্ন এলাকার ভুক্তভোগীরা বক্তব্য দেন।
বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল অনুমোদন ছাড়াই ড্রেজার দিয়ে নদী থেকে বালু উত্তোলন করছে। এতে নদীর তীর ভাঙনের পাশাপাশি ফসলি জমি ও বসতভিটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে স্থানীয় পরিবেশের ওপরও বিরূপ প্রভাব পড়ছে।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীতীরবর্তী অনেক পরিবার আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। দ্রুত ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ করা না হলে আরও বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।
বিক্ষোভ সমাবেশ থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়। একই সঙ্গে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান আন্দোলনকারীরা।




