বদলগাছীতে অবৈধ চায়না দুয়ারী ও রিং জাল জব্দ, আগুনে ধ্বংস
বুলবুল আহম্মেদ (বুলু), বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর বদলগাছীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী ও রিং জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস। পরে জব্দ করা এসব নিষিদ্ধ জাল প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বুধবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের চাকরাইল-আবাদপুর এলাকার বিভিন্ন জলাশয়ে অভিযান চালিয়ে এসব নিষিদ্ধ জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল উপজেলা শহরের বালুচর এলাকায় নিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান সনি উপস্থিত থেকে জাল ধ্বংস কার্যক্রম প্রত্যক্ষ করেন।
উপজেলা মৎস্য বিভাগ জানায়, চায়না দুয়ারী ও রিং জালের ব্যবহারে মাছের পোনাসহ বিভিন্ন জলজ প্রাণী নির্বিচারে ধরা পড়ে। এতে দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। নিষিদ্ধ এসব জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
অভিযানে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা মৎস্য কর্মকর্তা শিল্পী রায়, সহকারী মৎস্য কর্মকর্তা মাহফুজ উল হক ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
মৎস্য সম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।





