কচুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
বাগেরহাট জেলা প্রতিনিধি:
উপজেলা প্রশাসনের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। ১৯ আগস্ট (২০২৬) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের এ সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আলী হাসান। আয়োজনে কৃতী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে প্রত্যেকের হাতে উপহার হিসেবে গাছের চারা তুলে দেওয়া হয়। উপস্থিত অতিথিরা তাঁদের বক্তব্যে গাছের নানা উপকারিতা ও প্রয়োজনীয়তা তুলে ধরেন।
সংবর্ধনা চলাকালে শিক্ষার্থীদের উৎসাহিত করতে তাদের জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য (Aim in Life) সম্পর্কে জানতে চাওয়া হলে তারা বেশ আনন্দমুখর পরিবেশে নিজেদের ভবিষ্যৎ স্বপ্ন ও অনুভূতির কথা ব্যক্ত করে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ এবং কচুয়া উপজেলা শাখা জামায়াতে ইসলামীর আমীর মো: রফিকুল ইসলাম। এছাড়া স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা এতে অংশ নেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, শিক্ষার্থীদের এই অনন্য সংবর্ধনা ও পরিবেশবান্ধব উপহার তাঁদের আগামী দিনের পড়াশোনায় এবং একজন সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠতে বিশেষ অনুপ্রেরণা জোগাবে।





