রাতের আঁধারে সন্দেহজনক ঘোরাফেরা, শাহরাস্তিতে তিন কিশোরকে আটক
এইচ এ বাবলু।। চাঁদপুরের শাহরাস্তি উপজেলার দৈকামতা এলাকায় রাতের বেলায় সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় তিন কিশোরকে আটক করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ। পরে জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই শেষে তাদের অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৮টা ১০ মিনিটে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, এসআই (নিঃ) শরিফুল ইসলাম এবং সঙ্গীয় ফোর্স দৈকামতা এলাকার যুগীবাড়ী ব্রিজে অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে সেখানে উদ্দেশ্যমূলক ও অযাচিতভাবে ঘোরাফেরা করার অভিযোগে ফাহিম (১৫), তৌহিদুল ইসলাম (১৬) এবং ইয়াছিন আরাফাত (১৬) নামে তিন কিশোরকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদে তারা রাতে ওই স্থানে অবস্থানের কোনো গ্রহণযোগ্য কারণ দেখাতে পারেনি বলে পুলিশ জানিয়েছে।
পরে আটক কিশোরদের অভিভাবকরা থানায় উপস্থিত হয়ে ভবিষ্যতে তাদের সন্তানরা এ ধরনের রাত্রিকালীন অযাচিত কর্মকাণ্ডে জড়াবে না বলে আশ্বাস দেন। এছাড়া থানার রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনায় তাদের বিরুদ্ধে কোনো বিরূপ তথ্য পাওয়া যায়নি।
এ কারণে প্রথমবারের মতো মানবিক ও সংশোধনমূলক দৃষ্টিভঙ্গি থেকে তিন কিশোরকে সতর্ক করে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয় বলে শাহরাস্তি থানা পুলিশ জানিয়েছে।
শাহরাস্তি থানা পুলিশ কিশোরদের প্রতি অধিক নজরদারি রাখতে এবং সন্তানদের চলাফেরার বিষয়ে সচেতন থাকতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছে।





