ইউরোপে রেজভীয়া প্রবাসী ঐক্য পরিষদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন।
খন্দকার মহিবুল হক, কুমিল্লা।
গতকাল ইতালির বলোনিয়া অঞ্চলের সেসেনাতিকো শহরে পার্কো দি লেভান্তেতে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে রেজভীয়া প্রবাসী ঐক্য পরিষদ, ইউরোপ শাখার উদ্যোগে জশনে জুলুস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইতালির বিভিন্ন অঞ্চল থেকে নবী প্রেমিকগণ অংশগ্রহণ করেন। রেজভীয়া প্রবাসী ঐক্য পরিষদের ইউরোপ শাখার সভাপতি শ্যামল আহমদ এর নেতৃত্বে মোস্তফা জামান, হুমায়ুন আহমদ, হাবিব জালালী, নুরুন্নবী হিমেল, গোলাম ছারওয়ার তৌফিক, শয়ন, মারুফ, বিজয়, নাজমুল, হাবিবসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। ইউরোপের বুকে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনী বার্তাকে স্মরণীয় করে রাখতে এই ভিন্নধর্মী আয়োজন সর্বস্তরের প্রবাসীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
আলোচনা সভায় বক্তারা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ও শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে অনুসরণের আহ্বান জানান। প্রবাসের ব্যস্ত জীবনের মাঝেও নিজস্ব আকিদা, ঈমান ও ইসলামী সংস্কৃতিকে টিকিয়ে রাখার জন্য এই ধরনের ধর্মীয় আয়োজনের গুরুত্ব অপরিহার্য। ইউরোপের মাটিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বার্তা ও শুভ্রতা সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার সুদৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শেষাংশে মিলাদ-কিয়াম অনুষ্ঠিত হয়। অতঃপর আখেরি মোনাজাতে সকলের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিদেশে অবস্থানরত সকল প্রবাসীর সুস্থতা, সার্বিক কল্যাণ ও প্রিয় মাতৃভূমি বাংলাদেশের উত্তরোত্তর উন্নতি চেয়ে দোয়া করা হয়।





