শাহরাস্তিতে মাদকবিরোধী র্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
এইচ এ বাবলু।।
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের খিলা বাজারে মাদক নির্মূলে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদকবিরোধী র্যালি ও সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) শাহরাস্তি মডেল থানা পুলিশের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান-এর নেতৃত্বে বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত খিলা বাজার এলাকায় একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, খিলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিরস্ত্র) শেখ রায়হানুল ইসলাম, শাহরাস্তি থানার অন্যান্য পুলিশ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
আয়োজকদের তথ্যমতে, র্যালিতে প্রায় ৫০০ থেকে ৬০০ জন অংশগ্রহণ করেন। র্যালি শেষে খিলা বাজার স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এক মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা মাদকের ভয়াবহতা, যুবসমাজের ওপর এর ক্ষতিকর প্রভাব এবং মাদক প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণে সকলকে সহযোগিতার আহ্বান জানান।
বক্তারা বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী এবং সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
শাহরাস্তি মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে জনসচেতনতা সৃষ্টি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





