ভূঞাপুরে ৩০০ পিস ইয়াবাসহ জুলাই যোদ্ধা হাসান ও যুবদলের নেতা মাহমুদুল গ্রেপ্তার
খায়রুল খন্দকার টাঙ্গাইল :টাঙ্গাইলের ভূঞাপুরে ৩০০ পিস ইয়াবাসহ হাসান ও মাহমুদুল নামে দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার দুজনের মধ্যে হাসান নিজেকে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচয় দেন বলে জানা গেছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকালে কালিহাতি উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়।
অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি দল। এ সময় সন্দেহভাজনভাবে অবস্থান করা হাসান ও মাহমুদুলকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের চিতুলিয়াপাড়া এলাকার আজাহার আলীর ছেলে হাছান আলী (৩৭) এবং একই এলাকার আব্দুল হকের ছেলে মাহমুদুল হাসান (৩৪)।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবাগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছে এবং কার কাছে সরবরাহের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল—এসব বিষয়ে তথ্য পাওয়ার চেষ্টা চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হাছান আলী ও মাহমুদুল হাসান দুজনই গোবিন্দাসী ইউনিয়ন যুবদলের সঙ্গে সম্পৃক্ত এবং উপজেলা ‘আহত জুলাই যোদ্ধা সমিতি’র সদস্য হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে রাজনৈতিক পরিচয় ও প্রভাবকে কাজে লাগিয়ে মাদক ও জুয়ার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এদিকে গ্রেপ্তার হাসান ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচিত—এমন দাবি স্থানীয়ভাবে থাকলেও তার গ্রেপ্তারের সঙ্গে ওই পরিচয়ের কোনো সম্পর্ক আছে কি না, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি দক্ষিণের উপপরিদর্শক (এসআই) রিয়াজ উদ্দিন বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।





