তজুমদ্দিনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ ৩ জন আটক
মোঃ জুম্মান আলী শান্ত,ভোলা;
ভোলার তজুমদ্দিনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, ২১ সেপ্টেম্বর রাত ১টা থেকে সকাল ৬টা পর্যন্ত তজুমদ্দিন থানাধীন চর মোজাম্মেল মুক্তিযোদ্ধা বাজার সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড বেইস ভোলা।
অভিযানকালে সন্দেহজনক তিনটি বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, একটি দেশীয় পাইপগান, তিনটি রকেট ফ্লেয়ার, ১৫ রাউন্ড পিস্তল বল, দুই রাউন্ড তাজা কার্তুজ, এক রাউন্ড রাইফেল বল ও চারটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়। একই সঙ্গে তিনজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—তজুমদ্দিন উপজেলার মাওলানা কান্দি গ্রামের আব্বাস মাঝি (৪৬), দড়ি চাদপুর গ্রামের মোঃ আলমগীর (৪৩) এবং মাওলানা কান্দি গ্রামের মোঃ আলমগীর হোসেন (৪১)।
কোস্ট গার্ড জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে।
জব্দ করা আলামত ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





