নাগরপুরে ২য় স্ত্রী কে হত্যা করে নিজের পেটে ছুরি ঢুকিয়ে আত্মহত্যার চেষ্টা স্বামীর
নাগরপুর সংবাদদাতাঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবরিয়া ইউনিয়নের বাদে কাকনা গ্রামে আজ ২৩ সেপ্টেম্বর রাত আনুমানিক পৌনে ৯টায় সাইফুদ্দিন মোল্লার মেয়ে নিলুফা আক্তার নিলু (৪৫) কে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে, আত্মহত্যার চেষ্টা করে স্বামী।
এ সময় নিলুফার মা, মেয়েকে বাঁচাতে ছুটে এলে, ঘাতক স্বামী তাকেও ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে। নিলুফাকে হত্যার পর ফিল্মি স্টাইলে নিজের পেটে ছুরি ঢুকিয়ে দেন ঘাতক স্বামী উপজেলার ধুবড়িয়া ইউনিয়নে বিষমপুর গ্রামের শফিজ উদ্দিনের ছেলে হযরত আলী ওরফে হজা (৫০)।
এলাকাবাসী ও প্রতিবেশীদের সাথে কথা বলে জানা যায়, ধুবড়িয়া ইউনিয়নের গ্রাম পুলিশ হজা দাম্পত্য জীবনে দুটি বিয়ে করে। ছোট বউকে তালাক দিয়ে বড় বউয়ের সাথে ঘর সংসার করছিল। ছোট বৌ এর ইতিপূর্বে বিয়ে হয়েছিল। ইদানীং, হজা ছোট স্ত্রীকে নিয়ে পুনরায় ঘর সংসার করতে চাইলে ২য় স্ত্রী তাতে রাজি না হওয়ায় এ নির্মম ঘটনা ঘটিয়েছে।
ঘাতক স্বামী হযরত আলী বছর দেড়েক আগে ধুবড়িয়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের চাকরি বাদ দিয়ে ঢাকায় কাজে যান।
নির্মম এ হত্যাকান্ডে গুরুতর আহত ঘাতক স্বামী ও তার শাশুড়িকে দৌলতপুর হাসপাতালে নেয়া হয়েছে।
রাতের এ হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে।
এ ঘটনার খবর পেয়ে নাগরপুর থানা পুলিশের একটি দল মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে, সকল আইনি প্রক্রিয়া করতেছে বলে জানা যায় থানা পুলিশ সূত্রে।





