ভোলায় মাদকবিরোধী অভিযানে ইউপি সদস্যের স্বামীসহ গ্রেফতার ২
ভোলা প্রতিনিধি: ভোলায় মাদকবিরোধী পৃথক অভিযানে মাদক সেবনের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে ভোলা সদর হাসপাতালে ডোপ টেস্টে তাদের শরীরে অ্যামফিটামিনের উপস্থিতি শনাক্ত হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের পৃথক দুটি স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হলেও শুক্রবার সকালে পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি প্রকাশ করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ভোলা সদর উপজেলার দক্ষিণ চরপাতা গ্রামের মৃত হানিফের ছেলে এফজাল হোসেন সোহেল (৪১) এবং কাচিয়া ইউনিয়নের শাহামাদার গ্রামের মো. মাইনুদ্দিনের ছেলে সাদ্দাম (২০)। এদের মধ্যে সোহেল পশ্চিম ইলিশা ইউনিয়নের ১,২ ও ৩নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য হোসনে আরা বেগমের স্বামী।
শুক্রবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পুলিশ জানায়, বুধবার বিকেলে ডিবি পুলিশের একটি টিম ভোলা-বরিশাল আঞ্চলিক মহাসড়কে মাদকবিরোধী অভিযান চালায়। এসময় এফজাল হোসেন সোহেল ও সাদ্দামকে মাদক সেবনরত অবস্থায় গ্রেফতার করে।
পরে গ্রেপ্তার দুজনকে ভোলা সদর হাসপাতালে নিয়ে ডোপ টেস্ট করা হলে উভয়ের পরীক্ষায় Amphetamine Detected আসে। চিকিৎসকের প্রতিবেদন পাওয়ার পর তাদের বিরুদ্ধে ভোলা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়। এরপর বৃহস্পতিবার তাদেরকে আদালতে তোলা হলে আদালত তাদেরকে কারাগারে প্রেরণ করেন।
এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সোহেলের ইয়াবা সেবনের বেশ কয়েকটি ছবি ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ এফজাল হোসেন সোহেল একজন মাদক কারবারি। তিনি দীর্ঘদিন মাদক ব্যবসার সঙ্গে জড়িত।





