সারাদেশ

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে:- চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, নগরীর দরিদ্র ও নিম্নআয়ের মানুষের জীবনমান উন্নয়নে শুধু আর্থিক সহায়তা প্রদান যথেষ্ট নয়, তাদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের সুযোগ সৃষ্টি করতে হবে। প্রশিক্ষণ ও প্রয়োজনীয় উপকরণ সরবরাহের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীকে আয়মুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করা গেলে তারা নিজেরাই পরিবারের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটাতে সক্ষম হবে। এ ধরনের উদ্যোগ নগরীর দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
২৭ সেপ্টেম্বর রবিবার , চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে China International Development Cooperation Agency (CIDCA)-এর অর্থায়নে এবং United Nations Development Programme (UNDP)-এর কারিগরি সহায়তায় ‘Livelihoods Support for Urban Poor Communities in Bangladesh’ প্রকল্পের আওতায় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, কম্পিউটার ও ফুড কার্ট বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন, চট্টগ্রাম নগরীতে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের সংখ্যা কম নয়। তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকারের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ও সহযোগী প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনও নগরীর প্রান্তিক জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় আজকের এই উদ্যোগের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দেওয়া হচ্ছে।
তিনি বলেন, প্রকল্পের আওতায় আজ দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ৪৮টি সেলাই মেশিন, ৪১টি কম্পিউটার এবং ৬৮টি ফুড কার্ট বিতরণ করা হয়েছে। এসব উপকরণ তাদের নিজস্ব কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি পরিবারের আয় বৃদ্ধিতে সহায়ক হবে। বিশেষ করে সেলাই মেশিন ও কম্পিউটার তরুণ-তরুণীদের দক্ষতা কাজে লাগিয়ে আয় করার সুযোগ সৃষ্টি করবে এবং ফুড কার্টের মাধ্যমে ক্ষুদ্র ব্যবসার সুযোগ তৈরি হবে।
মেয়র ডা. শাহাদাত হোসেন আরও বলেন, প্রকল্পটি শুধু কর্মসংস্থান সৃষ্টির মধ্যেই সীমাবদ্ধ নয়; দরিদ্র ও হতদরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্য, পুষ্টি ও জীবনযাত্রার মান উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রকল্পের আওতায় ৮০৪ জন দরিদ্র ও হতদরিদ্র গর্ভবতী ও দুগ্ধদানকারী মাকে পুষ্টি সহায়তা প্রদান করা হয়েছে। পাশাপাশি ১৯৩ জন দরিদ্র কিশোরীকে হাইজিন কিট প্রদান করা হয়েছে। এর মাধ্যমে সুবিধাবঞ্চিত নারী ও কিশোরীদের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।
তিনি বলেন, নগরীর নিম্নআয়ের মানুষের বসবাসরত এলাকায় নিরাপদ ও উন্নত পরিবেশ নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে সিটি কর্পোরেশনের আওতাধীন সিডিসির যেসব এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই, সেসব এলাকায় ৪৫টি সোলার লাইট স্থাপন করা হবে। সৌরবিদ্যুৎচালিত এসব লাইট স্থাপনের ফলে অন্ধকারাচ্ছন্ন এলাকাগুলো আলোকিত হওয়ার পাশাপাশি বাসিন্দাদের চলাচলে নিরাপত্তা বৃদ্ধি পাবে।
মেয়র বলেন, নগর উন্নয়নকে শুধু অবকাঠামোগত উন্নয়নের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। মানুষের জীবনমানের উন্নয়ন, কর্মসংস্থান, স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা ও নিরাপদ বসবাসের পরিবেশ নিশ্চিত করাও নগর উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নগরীর দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতে নিয়ে আসতে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করে যাচ্ছে।
তিনি এই প্রকল্প বাস্তবায়নে অর্থায়নের জন্য China International Development Cooperation Agency (CIDCA) এবং কারিগরি সহায়তার জন্য United Nations Development Programme (UNDP)-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে ভবিষ্যতেও নগরীর দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, বস্তি উন্নয়ন কর্মকর্তা মঈনুল হোসেন আলী জয় এবং অনলাইনে United Nations Development Programme (UNDP)-এর আন্তর্জাতিক প্রকল্প ব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,