আদমদীঘিতে দুর্গোৎসবে সকলের সহযোগিতা চেয়েছে-পূজা উদযাপন ফ্রন্ট
আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। এই উৎসব শুধু একটি ধর্মীয় অনুষ্ঠানই নয়, এটি সম্প্রীতি, সৌহার্দ্য ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। আসন্ন দুর্গা পূজা নির্বিঘ্নে, আনন্দমুখর পরিবেশে উদযাপন করার লক্ষে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেছে আদমদীঘি উপজেলা পুজা উদযাপন ফ্রন্ট।
আদমদীঘি উপজেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন কমিটি এবং স্থানীয় জন প্রতিনিধিদের সমন্বিত প্রচেষ্টায় প্রতিটি পুজা মণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, সিসি টিভি স্থাপন, স্বেচ্ছাসেবক নিয়োগ, অগ্নি নির্বাপণ ব্যবস্থা এবং জরুরি সেবার যোগাযোগ নম্বর সহজলভ্য রাখার বিষয়ে বিশেষ নজরসহ বিভিন্ন বিষয়ে সতর্কতা মুলক ব্যবস্থা গ্রহণের জোড় দাবী জানানো হয়েছে সংগঠনটির পক্ষ থেকে। সেই সাথে কোনো ধরণের গুজব বা অপপ্রচারে কান না দিয়ে সবাইকে সতর্ক থাকারও অনুরোধ জানানো হয়।
আদমদিঘী উপজেলা বাসীকে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানিয়ে এবং সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট বগুড়া জেলা শাখার যুগ্ম আহবায়ক এবং আদমদীঘি উপজেলা শাখার আহবায়ক সৌরভ কুমার কর্মকার ও পূজা উদযাপন ফন্ট আদমদীঘি উপজেলা শাখার সদস্য সচিব অভিলাশ কুমার বর্মন বলেন, এ বছর আদমদীঘি উপজেলায় ৬৯টি পূজা মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে। এরই মধ্যে প্রায় সব গুলো পূজা মণ্ডপে প্রতিমা তৈরীর কাজ সম্পন্ন হয়েছে, রং তুলির কাজ চলছে, দু-এক দিনের মধ্যে শেষ হবে। আমরা আশাবাদী অন্যান্য বছরের মতো এবারো সার্বিক নিরাপত্তার কোনো ঘাটতি থাকবে না। এরই মধ্যে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে।
পূজা উদযাপন ফন্ট আদমদীঘি উপজেলা শাখার সিনিয়র যুগ্ম-আহবায়ক মৃণাল সরকার একই মতামত ব্যক্ত করে বলেন, বিগত আ’লীগ সরকারের দোসররা পূজাকে কেন্দ্র করে যেনো কোনো ধরণের নাশকতা, বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছি। কারণ আমাদের আদমদীঘিতে একটি পূজা সংগঠনে আ’লীগের নেতৃত্ব দানকারী নাশকতা মামলার আসামিরা এখনো নেতৃত্ব দিয়ে যাচ্ছে।




