কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু
মারুফ হাসান, কালীগঞ্জ (গাজীপুর):
গাজীপুরের কালীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় সরোয়ার আহমেদ রোমান (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর দেড়টার দিকে টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল সড়কের কামারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রোমান কালীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দড়িসোম মধ্যেরচর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। তিনি দারাজে লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, টঙ্গী থেকে কালীগঞ্জে আসার পথে একটি অজ্ঞাত গাড়িকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি ভবনে ধাক্কা দেন রোমান। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আশরাফুল ইসলাম জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।





