কেরানীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা, কারিগরি শিক্ষায় বেকারত্ব দূর করার তাগিদ ইউএনওর
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের নিয়ে ‘কারিগরি শিক্ষাই বেকারত্ব দূর করার প্রধান উপায়’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে কেরানীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক। সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন মোল্লা।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. উমর ফারুক বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শুধু প্রচলিত শিক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। বেকারত্ব দূর করতে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে। কারিগরি শিক্ষার মাধ্যমে যুবসমাজকে কর্মক্ষম করে তোলা সম্ভব, যা বেকারত্ব ও হতাশা কমাতে কার্যকর ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা ‘কারিগরি শিক্ষাই বেকারত্ব দূর করার প্রধান উপায়’ বিষয়ের পক্ষে-বিপক্ষে যুক্তি উপস্থাপন করে। এর মাধ্যমে তাদের যুক্তিবোধ, বিশ্লেষণী ক্ষমতা ও চিন্তাশক্তি বিকাশের সুযোগ তৈরি হয়।
বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল পর্বে বিজয়ী শিক্ষার্থীদের পাশাপাশি ‘টপ ফিফটিন’ মেধা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ সেরা শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
সংশ্লিষ্টরা মনে করেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ, যুক্তিনির্ভর চিন্তাভাবনা এবং কর্মমুখী শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





