বেনাপোল সীমান্ত এলাকায় ২৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ধরনের পণ্য আটক
মোঃ জাকির হোসেন,বেনাপোল-শার্শা:
যশোরের বেনাপোল সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শনিবার (৩১ অক্টোবর ২০২৬) দিনব্যাপী বিজিবি’র অধীনস্থ বেনাপোল আইসিপির টহলদল কর্তৃক সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ২০৫টি শাড়ী, ১০৬টি কম্বল, ৯১টি চাদর, ১০ প্যাকেট ফুসকা, ৬.৫ কেজি কিসমিস, ৬২০টি চকলেট ও ৭৯৮টি কসমেটিক্স সামগ্রী আটক করে।
আটককৃত মালামালের মূল্য ২৮,৪৭,০০০/-(আটাশ লক্ষ সাতচল্লিশ হাজার) টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।
সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে।





