কদমতলা ইউপি চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন প্রত্যাশী রফিকুল ইসলাম
পিরোজপুর প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর সদর উপজেলার ২ নম্বর কদমতলা ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন মো. রফিকুল ইসলাম। তিনি কদমতলা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ।
দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রফিকুল ইসলাম রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজেও অংশ নিয়ে আসছেন। ব্যক্তিগত উদ্যোগে এলাকার দরিদ্র, অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন তিনি। করোনা মহামারিসহ বিভিন্ন সংকটময় সময়ে মানুষের সহযোগিতায় এগিয়ে আসেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডেও তার সম্পৃক্ততা রয়েছে।
রাজনৈতিক জীবনে প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হওয়ার কথা জানিয়েছেন রফিকুল ইসলাম। তার দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক কারণে তিনি হামলা, মামলা ও নানা ধরনের হয়রানির শিকার হয়েছেন। এ সময় তার ব্যবসা-বাণিজ্য বন্ধ করে দেওয়া হয় এবং একাধিকবার বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে বলেও অভিযোগ করেন তিনি। এসব প্রতিকূলতার মধ্যেও এলাকা ছেড়ে যাননি রফিকুল ইসলাম। দলীয় নেতাকর্মী ও জনগণের পাশে থাকার পাশাপাশি তৎকালীন সরকারের অগণতান্ত্রিক কর্মকাণ্ডের বিরুদ্ধে এবং ভোটাধিকারের দাবিতে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন বলে জানান তিনি।
স্থানীয় রাজনীতিতে বিএনপির নেতাকর্মীদের কাছে রফিকুল ইসলাম একজন কর্মীবান্ধব নেতা হিসেবে পরিচিত। আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে বিএনপির সমর্থন প্রত্যাশা করছেন তিনি।
স্থানীয় কয়েকজন বাসিন্দা ও দলীয় নেতাকর্মীর প্রত্যাশা, নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পেলে ইউনিয়নের রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে ভূমিকা রাখবেন তিনি।
নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রসঙ্গে মো. রফিকুল ইসলাম বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। মানুষের সুখে-দুঃখে পাশে থাকাটাকে সব সময় দায়িত্ব মনে করি। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই। সুযোগ পেলে কদমতলা ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। একটি সুন্দর, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।’




