ছাতকে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
সমবায়ীদের অংশগ্রহণে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
তানভীর আহমদ জাকির, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের ছাতকে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে সমবায়ীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা কাজী মোহাম্মদ মহসীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন গোয়ালগাঁও মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. সাকির মিয়া এবং গীতা পাঠ করেন উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক রজত কান্তি দাস।
স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা কাজী মোহাম্মদ মহসীন। তিনি সমবায় আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে সমবায় সমিতিগুলোর কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও জনকল্যাণমুখী করতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় বক্তব্য দেন লাফার্জ ভিটাবাড়ী পরিবার কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক হোসেন আহমদ, তেলিহাওর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি নিজাম উদ্দিন, ছাতক বাজার একতা বালু উত্তোলন ও সরবরাহকারী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক দেলোয়ার হোসেন এবং ছাতক উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সৈয়দ জাহাঙ্গীর আলম।
এছাড়া অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মিলন মিয়া ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহ আলম।
বক্তারা বলেন, সমবায় হচ্ছে পারস্পরিক বিশ্বাস, ঐক্য ও সহযোগিতার শক্তিশালী মাধ্যম। এর মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব। এ জন্য সমবায় সমিতিগুলোকে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিয়মতান্ত্রিক ব্যবস্থাপনার মাধ্যমে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, সমবায়ের মূল শক্তি হচ্ছে পারস্পরিক বিশ্বাস, সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টা। সমবায় সমিতিগুলোকে নিজেদের স্বার্থের পাশাপাশি এলাকার মানুষের আর্থসামাজিক উন্নয়নেও কার্যকর ভূমিকা রাখতে হবে।
সভাপতির বক্তব্যে উপজেলা সমবায় কর্মকর্তা কাজী মোহাম্মদ মহসীন সমবায় আন্দোলনের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সমবায়ীদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীলতা জোরদারের আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সভাপতি, সম্পাদক ও সদস্যবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুধীজন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।





