বেনাপোলকে একটি আধুনিক মডেল পৌরসভা হিসাবে গড়ে তোলার অঙ্গীকার-মেয়র প্রার্থী মোস্তাফিজ্জোহা সেলিমের
জাকির হোসেন,বেনাপোল(শার্শা) প্রতিনিধি:
বেনাপোল পৌরসভাকে দেশের অন্যতম আধুনিক, পরিচ্ছন্ন, নিরাপদ ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন সম্ভাব্য মেয়র প্রার্থী মোস্তাফিজ্জোহা সেলিম। শিক্ষা, ক্রীড়া-সংস্কৃতি ও ব্যাবসায়ী বান্ধব নগরী প্রতিষ্ঠার পাশাপাশি সন্ত্রাস,মাদক, চাঁদাবাজি, দখলদারিত্ব ও দূর্ণীতি মুক্ত পৌরসভা গড়ে তোলার অঙ্গীকার করেছেন তিনি। তাঁর পরিকল্পনায় রয়েছে নিরাপদ সড়ক, যানজটমুক্ত নগরী, যোগাযোগ ব্যবস্থা,স্বাস্থ্যসেবা, পরিচ্ছন্ন পরিবেশ এবং নাগরিকদের উন্নত পরিসেবা নিশ্চিত করা।
আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় ও নির্বাচনী প্রচারণায় এসব প্রত্যাশা ও পরিকল্পনার কথা তুলে ধরছেন মোস্তাফিজ্জোহা সেলিম। তিনি মনে করেন, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থলবন্দর ও আন্তর্জাতিক বাণিজ্যকেন্দ্র হিসেবে বেনাপোলের রয়েছে বিশেষ গুরুত্ব। তাই এ পৌরসভাকে শুধু অবকাঠামোগত উন্নয়নের মধ্যে সীমাবদ্ধ না রেখে শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও সামাজিক উন্নয়নের সমন্বয়ে একটি আধুনিক নগরীতে পরিণত করা অতি প্রয়োজন।
মোস্তাফিজ্জোহা সেলিম বলেন, বেনাপোল পৌরসভাকে একটি পরিকল্পিত ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে হলে সর্বপ্রথম নাগরিকদের নিরাপত্তা, চলাচলের সুবিধা এবং ব্যবসা-বাণিজ্যের পরিবেশ নিশ্চিত করতে হবে। পৌর এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব ও হয়রানির কোনো স্থান থাকবে না। ব্যবসায়ী, শিক্ষার্থী, শ্রমজীবী মানুষসহ সব শ্রেণি-পেশার নাগরিক যেন নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে বসবাস এবং চলাচল করতে পারেন, সে পরিবেশ গড়ে তোলাই হবে তাঁর অন্যতম লক্ষ্য।
তিনি আরও বলেন, বেনাপোলের উন্নয়নে সর্ব প্রথম প্রাধান্য দেওয়া হবে একটি আধুনিক মানের হসপিটাল, শিক্ষা ও সংস্কৃতিসহ তরুন-যুব সমাজ কে মাদক থেকে দূরে রাখার জন্য বিনোদনের সুব্যবস্থা করা এবং কর্মসংস্থানের জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণের উদ্যোগ নিতে হবে। নতুন প্রজন্মকে মাদক, অপরাধ ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলা, সংগীত, সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার ঘটানো প্রয়োজন। একই সঙ্গে ব্যবসায়ী ও সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করে বেনাপোলকে একটি বাণিজ্যিক নগরী হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিতে হবে।
মেয়র পদে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরে সেলিম জানান, দল যদি তাঁকে মনোনয়ন দেয়, তাহলে তিনি জনগণের প্রতিনিধি হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করতে চান। তবে দল অন্য কাউকে মনোনয়ন দিলে দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করবেন। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো অবস্থান নেওয়ার ইচ্ছা তাঁর নেই বলেও জানান তিনি।
রাজনীতি, সমাজসেবা ও সাংস্কৃতিক অঙ্গনে দীর্ঘ পথচলা প্রায় ৫০ বছর বয়সী মোস্তাফিজ্জোহা সেলিমের রয়েছে সামাজিক, রাজনৈতিক, শিক্ষামূলক, সাংস্কৃতিক ও বাণিজ্যিক অঙ্গনে দীর্ঘদিনের সম্পৃক্ততা। ছাত্ররাজনীতি থেকে শুরু করে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্বে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।
বর্তমানে তিনি শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি বেনাপোল নগর ছাত্রদলের সভাপতি, শার্শা উপজেলা ছাত্রদলের সভাপতি এবং যশোর জেলা ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছাত্ররাজনীতি থেকে উঠে আসা এই নেতা দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন।
রাজনীতির পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও রয়েছে তাঁর পরিচিতি। তিনি বেনাপোল সরগম সংগীত একাডেমীর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ক্রীড়াঙ্গনে বেনাপোল ক্রীড়া সংস্থা (বিকেএস)-এর সভাপতির দায়িত্বেও রয়েছেন তিনি। নারীদের সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে প্রতিষ্ঠা করেছেন ‘আলোকিত নারী’ সংগঠন, যার প্রতিষ্ঠাতা ও সভাপতি তিনি। এ ছাড়া সামাজিক সংগঠন ‘সৃজন শিখা’-এর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
বাণিজ্যিক অঙ্গনেও তাঁর সম্পৃক্ততা রয়েছে। তিনি বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে বেনাপোলের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন প্রভাতী সংঘের সাধারণ সম্পাদক এবং বেনাপোল বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
নগর উন্নয়নে অভিজ্ঞতাকে কাজে লাগানোর প্রত্যাশা স্থানীয়দের মতে, বেনাপোলের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও আন্তর্জাতিক যোগাযোগকেন্দ্রের উন্নয়নে রাজনৈতিক অভিজ্ঞতার পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষামূলক ও বাণিজ্যিক অঙ্গনে কাজের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
মোস্তাফিজ্জোহা সেলিমের প্রত্যাশা, দলীয় মনোনয়ন ও জনগণের সমর্থন পেলে তিনি তাঁর দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে বেনাপোল পৌরসভার উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন।
তিনি এমন একটি বেনাপোল গড়ার স্বপ্ন দেখেন, যেখানে থাকবে আধুনিক নাগরিক সুবিধা, উন্নত যোগাযোগব্যবস্থা, নিরাপদ সড়ক, পরিচ্ছন্ন পরিবেশ, মানসম্মত শিক্ষা, সমৃদ্ধ সাংস্কৃতিক চর্চা এবং ব্যবসা-বাণিজ্যের অনুকূল পরিবেশ। তাঁর ভাষায়, বেনাপোলের উন্নয়ন হবে সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে, আর পৌরসভা হবে সাধারণ মানুষের সেবা ও অধিকার নিশ্চিত করার প্রতিষ্ঠান।





