সারাদেশ

শ্যামাপূজা ও দীপাবলিতে মেহের কালীবাড়িতে ভক্ত-পুণ্যার্থীদের ঢল, শুরু মাসব্যাপী ঐতিহ্যবাহী মেলা

এইচ এ বাবলু।।

হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপূজা ও দীপাবলি উপলক্ষে চাঁদপুরের শাহরাস্তির ঐতিহ্যবাহী শ্রী শ্রী মেহের কালীবাড়িতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভক্ত ও পুণ্যার্থীর সমাগম ঘটেছে। ধর্মীয় আয়োজনের পাশাপাশি কালীবাড়ি সংলগ্ন নিজমেহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বসেছে মাসব্যাপী ঐতিহ্যবাহী কালীবাড়ি মেলা।
স্থানীয়ভাবে এশিয়ার বৃহত্তম কালীবাড়ি হিসেবে পরিচিত এ ধর্মীয় পীঠস্থানে প্রতিবছর কার্তিক মাসের অমাবস্যা তিথিতে কালীপূজা ও দীপাবলি উৎসব অনুষ্ঠিত হয়। রোববার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় পূজার লগ্ন শুরু হয়, যা সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টা পর্যন্ত চলে।
মাসব্যাপী এ মেলায় শিশুদের খেলনা, পুতুল, বেলুন ও খেলনা ড্রোনের পাশাপাশি পাহাড়ি অঞ্চল থেকে আসা খাট, আলমারি, সোফা সেট, ডাইনিং টেবিলসহ বিভিন্ন ধরনের আসবাবপত্রের পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা। এ ছাড়া কাঠ, বাঁশ ও বেতের তৈরি সামগ্রী, মাছ ধরার সরঞ্জাম, গৃহস্থালি পণ্য, কৃষি উপকরণ, কাঁসা, স্টিল ও কাচের তৈজসপত্রসহ হরেক রকমের খাবারের দোকান বসেছে মেলায়।
পূজায় অংশ নিতে আসা নোয়াখালীর অমল দাস বলেন, শক্তিরূপিণী মঙ্গলময়ী দেবী কালীর পূজা দিতে তিনি প্রতিবছর সপরিবারে এখানে আসেন। নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে আসা লিটন চক্রবর্তী এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে আসা হারাধন সূত্রধর জানান, তাঁদের কাছে এটি একটি সিদ্ধপীঠস্থান, যা বাংলাদেশে অদ্বিতীয়।
কালীবাড়ির বাসিন্দা ও শাহরাস্তি প্রেসক্লাবের সহসভাপতি স্বপন কর্মকার মিঠুন জানান, স্থানীয় জনশ্রুতি অনুযায়ী, প্রায় সাত শ বছর আগে ঠাকুর সর্বানন্দ শবদেহের ওপর বসে কালীমাতার সাধনা করেন। পরবর্তী সময়ে পৌষ সংক্রান্তির তিথিতে তিনি মাতাকে দশ রূপে দর্শন লাভ করেন বলে প্রচলিত রয়েছে। এ কারণে স্থানটি দশ মহাবিদ্যা সিদ্ধপীঠস্থান হিসেবে পরিচিত। এখানে মা কালীর প্রচলিত কোনো মূর্তি নেই; ভক্তরা জিন বৃক্ষের বেদিতে পূজা-অর্চনা করেন।
শ্রী শ্রী মেহের কালীবাড়ি কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নিখিল মজুমদার বলেন, তিন শত বছরেরও বেশি সময় ধরে এখানে এ উৎসব পালিত হয়ে আসছে। মাসব্যাপী এ মেলা শুধু ধর্মীয় আয়োজনেই সীমাবদ্ধ নয়, এটি এলাকার প্রাচীন লোকজ ঐতিহ্য ও সংস্কৃতিরও ধারক-বাহক।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,