নওগাঁয় মাদ্রাসা শিক্ষার্থীদের পবিত্র কোরআন শরীফ প্রদান ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার নওগাঁঃ
নওগাঁর রাণীনগর উপজেলার মালঞ্চী নান্দাইবাড়ী নুরানী হাফেজীয়া মাদ্রাসা ও এতিমখানার আয়োজনে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের মাঝে পবিত্র কালামুল্লাহ শরীফ প্রদান এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা উপলক্ষে বার্ষিক দোয়া মাহফিল ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আলোচনা ও গুরুত্বপূর্ণ নছিহত পেশ করেন মুহতারাম মাওলানা মুহাঃ মুজাহিদ খাঁন (দাঃ বাঃ), মুহতামিম, মদিনাতুল উলুম মাদ্রাসা, আত্রাই। তিনি শিক্ষার্থীদের কোরআন ও সুন্নাহর আলোকে জীবন গঠন, নৈতিক শিক্ষা অর্জন এবং আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
আলোচনা পর্ব শেষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুহতারাম মুফতী আঃ রউফ খাঁন (দাঃ বাঃ), মুহতামিম, চকাদিন মাদ্রাসা, রাণীনগর, নওগাঁ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা এম. সোহেল আহমাদ।
এ সময় উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার মুহতামিম মাওলানা নাজমুল হক, মাদ্রাসার সকল সহকারী শিক্ষকবৃন্দ, অন্যান্য শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের হাতে পবিত্র কালামুল্লাহ শরীফ তুলে দেওয়া হয়। পাশাপাশি পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষা জীবনের একটি ধাপ সম্পন্ন করায় বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় মূল্যবোধ, কোরআন শিক্ষার প্রতি আগ্রহ এবং নৈতিক ও আদর্শিক চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
পরিশেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহ, মাদ্রাসার সার্বিক উন্নতি এবং শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।





