২২ বার নদীভাঙনের ক্ষত নিয়ে ধুঁকছে চরাঞ্চলের একমাত্র মাধ্যমিক বিদ্যালয়
শিমুল তালুকদার, সদরপুর ফরিদপুর থেকে
প্রতিষ্ঠার পর থেকে ৮৪ বছরে ২২ বার নদীভাঙনের শিকার হয়ে অস্তিত্ব সংকটে পড়েছে ফরিদপুরের সদরপুর উপজেলার চরনাছিরপুর উচ্চ বিদ্যালয়। পদ্মা ও আড়িয়াল খাঁ নদবেষ্টিত দুর্গম চরাঞ্চলের একমাত্র এই মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানটির নিজস্ব জমি ও অবকাঠামো নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বর্তমানে হোসেন খার কান্দি গ্রামে বছরে ৪ হাজার টাকা ভাড়ার জমিতে দুটি টিনের ঘরে ১২ জন শিক্ষক ও প্রায় ১০০ শিক্ষার্থী নিয়ে কোনোমতে পাঠদান চলছে।
১৯৪২ সালে জগৎ চন্দ্র বাড়ৈ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। ১৯৮৪ সালে এমপিওভুক্ত হলেও ভাঙনের কারণে এখানে স্থায়ী ভবন গড়ে ওঠেনি। দুবলার চর ও নন্দলালপুরে থাকা বিদ্যালয়ের ১৫৯ শতাংশ জমিই এখন নদীগর্ভে।
প্রধান শিক্ষক জাকির হোসেন জানান, ২০১৯ সাল থেকে বর্তমান জায়গায় থাকলেও নদী যেভাবে এগিয়ে আসছে, তাতে আগামী বছর এখানে থাকা অনিশ্চিত। ভাঙাগড়ার এই লড়াইয়ের মধ্যেও এখানকার বহু শিক্ষার্থী সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, সচিব ও বুয়েট শিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। তবে যোগাযোগ দুর্ভোগ ও দারিদ্র্যের কারণে শিক্ষার্থী সংখ্যা ২৫০ থেকে কমে ১০০ জনে নেমেছে। ২০২৫ সালে ৩০ জন এসএসসি পরীক্ষার্থীর মধ্যে ১৯ জন এবং ২০২৬ সালে ৭ জনের মধ্যে মাত্র ২ জন পাস করেছে।
নিরাপত্তা প্রহরী রুস্তম আলী মুন্সী ও অফিস সহকারী সিরাজুল ইসলাম জানান, বহুবার তড়িঘড়ি করে আসবাবপত্র সরাতে গিয়ে গুরুত্বপূর্ণ কাগজপত্র নদীতে হারিয়েছে। ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আজিজুল জানায়, বর্ষায় কাদা-পানি মাড়িয়ে স্কুলে আসতে তাদের ভীষণ কষ্ট হয়।
ইউপি চেয়ারম্যান মো. রোকনুজ্জামান বলেন, নদীভাঙন ও দারিদ্র্যের কারণে এখানে শিক্ষার্থী ঝরে পড়ার হার বেশি। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোফাজ্জেল হোসেন জানান, নদীভাঙনের কারণে স্থায়ী অবকাঠামো করা সম্ভব হয় না; তবে ২০২৫-২৬ অর্থবছরে ৫ লাখ টাকা ব্যয়ে মেঝে ও দরজা-জানালা সংস্কার করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন বলেন, এ বছর একটি ওয়াশব্লক নির্মাণে বরাদ্দ দেওয়া হয়েছে, তবে নদী কাছে চলে আসায় বর্তমান ঠিকানায় বিদ্যালয়টি টিকে থাকা নিয়ে শঙ্কা রয়েছে। চরাঞ্চলের মানুষের প্রাণের দাবি, নদীভাঙন রোধ ও নিরাপদ স্থানে বিদ্যালয়টির জন্য স্থায়ী অবকাঠামো নির্মাণ করা হোক।





