বেনাপোলে বিজিবি’র অভিযান সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ
জাকির হোসেন,বেনাপোল (শার্শা) প্রতিনিধি:
যশোরের বেনাপোল সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে সাড়ে ১৭ লাখ টাকারও বেশি মূল্যের ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৮ নভেম্বর ২০২৬) দিনব্যাপী বেনাপোল আইসিপি’র একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে।
অভিযানে জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ১১২টি ভারতীয় শাড়ি, ২১টি কম্বল, ৮টি চাদর, ৭ কেজি জিরা, ২৯ প্যাকেট ফুচকা, ১১ কেজি কিশমিশ, ১১ প্যাকেট সোনপাপড়ি, ৫৫০টি চকলেট এবং ১৬৪১টি কসমেটিক্স সামগ্রী। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১৭,৬১,৬০০/- (সতেরো লাখ একষট্টি হাজার ছয়শত) টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এই বিপুল পরিমাণ মালামাল জব্দ করা সম্ভব হয়েছে। সীমান্তে বিজিবির এ ধরনের কঠোর অভিযান সব সময়ই অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।





