কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৬২ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ
মোঃ মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি:কুমিল্লা:- কুমিল্লার চৌদ্দগ্রামে অভিযান চালিয়ে যানবাহনসহ বিপুল পরিমাণ চোরাচালানের মোবাইল ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব মোবাইল ডিসপ্লের সিজার মূল্য ১ কোটি ৬২ লাখ টাকা।
শুক্রবার (২০ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
বিজিবি সূত্রে জানা যায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় শিবেরবাজার বিওপির একটি টহলদল চৌদ্দগ্রাম সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালায়। এ সময় সীমান্ত থেকে আনুমানিক চার কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চৌয়ারা নামক স্থান থেকে একটি যানবাহনসহ বিপুল পরিমাণ মোবাইল ডিসপ্লে জব্দ করা হয়।
জব্দ করা মোবাইল ডিসপ্লেগুলোর সিজার মূল্য ১ কোটি ৬২ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি আরো জানায়, জব্দ করা চোরাচালানি মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





