চাঁদপুরে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
মোঃ হাবিবুর রহমান (চাঁদপুর)
চাঁদপুরে খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুর পৌনে ৩টার দিকে শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকার খোর্দ্দ খালে ফলক উন্মোচনের মাধ্যমে এ কর্মসূচির সূচনা করেন তিনি।
উদ্বোধনের পর প্রধানমন্ত্রী খালের তীরে নেমে প্রতীকীভাবে কোদাল দিয়ে মাটি কাটেন এবং পরে সেখানে একটি গাছের চারা রোপণ করেন।
এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্থানীয় সংসদ সদস্য মোমিনুল হক, জেলা সদস্য সচিব সলিম উল্যা সেলিম, শাহরাস্তি উপজেলা সভাপতি আয়াত আলী ভূঁইয়া ও সহসভাপতি আবু ইউসুফ রুপমসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
জানা যায়, ১৯৭৮ সালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান খোর্দ্দ খালটি খনন করেছিলেন। প্রায় ৪৮ বছর পর সেই খাল পুনঃখননের উদ্যোগ নিলেন তাঁর ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান।
পরে বিকাল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার কুমারডুগী গ্রামের ঘোষের হাট এলাকায় ‘বিশ্ব খাল’ পুনঃখনন কার্যক্রমও উদ্বোধন করেন তিনি। ডাকাতিয়া নদী থেকে ঘোষের হাট হয়ে মতলব দক্ষিণ সীমানা পর্যন্ত বিস্তৃত এই খালটি এলাকার পানি প্রবাহ ও পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।



