হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
চাঁদপুরের হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নাহিদুল ইসলাম (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে হাজীগঞ্জ পৌরসভার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাহিদুল ইসলাম উপজেলার দক্ষিণ বড়কুল গ্রামের মনির হোসেন জমাদার ও নয়ন আক্তারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি গাড়ির ধাক্কায় সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
হাজীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



