শাহরাস্তিতে পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত আসামি ও গাঁজাসহ গ্রেপ্তার ২
এইচ এ বাবলু:
চাঁদপুরের শাহরাস্তিতে পৃথক অভিযানে দুটি সিআর পরোয়ানাভুক্ত এক আসামি এবং ৫০ গ্রাম গাঁজাসহ আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের দিকনির্দেশনায় এএসআই (নিঃ) মো. হাবিবুর রহমান ও এএসআই (নিঃ) আলমগীর কবির সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সিআর-২২২/২৫ (শাহরাস্তি) মামলার দুটি পরোয়ানাভুক্ত আসামি ওমর ফারুককে গ্রেপ্তার করেন। তিনি শাহরাস্তি উপজেলার কৃষ্ণপুর এলাকার বাসিন্দা।
অন্যদিকে, একই দিন মাদকবিরোধী বিশেষ অভিযানে শোরসাক উত্তর পাড়া থেকে কালিবাড়ী পাকা সড়কের একটি মুদি দোকানের পূর্ব পাশে অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় মো. আব্দুল জলিল (২৭) নামে এক ব্যক্তিকে ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, আব্দুল জলিল শোরসাক উত্তর পাড়া, আটিয়া বাড়ী এলাকার মৃত হারেছ মিয়ার ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় শাহরাস্তি মডেল থানায় মামলা করা হয়েছে। মামলাটির এফআইআর নং-২৫ এবং জিআর নং-২৬৮, তারিখ ২০ আগস্ট ২০২৬।
শাহরাস্তি মডেল থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরোয়ানাভুক্ত আসামি ওমর ফারুককে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরদিকে, গাঁজাসহ গ্রেপ্তার আব্দুল জলিলকেও আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশের পক্ষ থেকে মাদকবিরোধী ও অপরাধ দমন অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।





