ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি আটক
মোঃ রাফসান জানি, ভোলা
ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫) মধ্যরাত ১টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক সদর উপজেলার কুঞ্জপট্টি ভেলুমিয়া বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃত হানিফ খন্দকার, ভেলুমিয়া ইউনিয়নের কুঞ্জপট্টি গ্রামের মোখলেস খন্দকারের ছেলে।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে এক সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশি করে প্রায় ১২ হাজার ৫ শত টাকা মূল্যের ২৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৪ হাজার ৫ শত টাকা মূল্যের ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে মাদকসহ ওই ব্যক্তিকে আটক করা হয়।
জব্দকৃত মাদকদ্রব্য ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড জানায়, মাদক পাচার ও অবৈধ কার্যক্রম রোধে ভবিষ্যতেও তাদের অভিযান অব্যাহত থাকবে।





