সাভারে (ডিবি) পুলিশের অভিযান ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
আনিসুর রহমান, সাভার প্রতিনিধি:
সাভারে ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- ফরিদপুরের আলফাডাঙ্গা থানার উথুলি এলাকার মৃত আব্দুল ওয়াহাবের ছেলে সোহরাব এবং কক্সবাজারের চকরিয়া উপজেলার শান্তিনগর হারবাং এলাকার আনোয়ার হোসেনের ছেলে হাসান।
শনিবার (২৯ নভেম্বর) ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ জালাল উদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
ওসি জালাল উদ্দিন জানান, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে রেডিও কলোনি এলাকায় অভিযান চালানো হয়। তথ্য ছিল ২ জন ব্যক্তি সেখানে ইয়াবা বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন। পরে ঘটনাস্থল থেকে হাসান ও সোহরাবকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় তাঁদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ২ জনের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।





