আত্রাইয়ে ব্যতিক্রমী আয়োজন: গরুর জন্মদিন পালন
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ জেলার আত্রাই উপজেলায় ঘটেছে এক ব্যতিক্রমধর্মী ঘটনা। গরুর প্রতি অগাধ ভালোবাসা থেকেই নিজের পোষা গরুর জন্মদিন পালন করেছেন আল-আমিন নামের এক যুবক। ঘটনাটি উপজেলার ব্রজপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে আল-আমিনের শখের গরুর ঘরে একটি বাছুরের জন্ম হয়। জন্মের পর থেকেই গরুটির প্রতি ছিল তার বিশেষ যত্ন ও মমতা। নিয়মিত পরিচর্যা আর ভালোবাসায় গরুটি যেন পরিবারের একজন সদস্যে পরিণত হয়। সেই ভালোবাসা থেকেই মানুষের মতো করেই গরুর জন্মদিন পালনের চিন্তা মাথায় আসে তার।
গত ২৭ ডিসেম্বর শনিবার বিকেলে আল-আমিন আয়োজন করেন জন্মদিনের অনুষ্ঠান। কেক কাটা থেকে শুরু করে সাজসজ্জা সব কিছুতেই ছিল মানুষের জন্মদিন পালনের আদল। ব্যতিক্রমী এই আয়োজনে উৎসুক মানুষ ভিড় করেন ঘটনাস্থলে।
এ ঘটনায় এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক কৌতূহল ও আলোচনা। কেউ দেখছেন বিষয়টিকে পশুর প্রতি ভালোবাসার দৃষ্টান্ত হিসেবে, আবার কেউ একে ব্যতিক্রমী শখ হিসেবেও দেখছেন। তবে আল-আমিনের এই উদ্যোগ ইতোমধ্যে স্থানীয়দের মাঝে বেশ সাড়া ফেলেছে।





