সদরপুরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুর উপজলার কৃষ্ণপুর ইউনিয়নের কাটাখালি গ্রামে মেইন সড়কের পাশের ডোবা থেকে অজ্ঞাত যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করেছে সদরপুর থানা পুলিশ।
বুধবার(১৪ফেব্রুয়ারী) সকাল ১১ টার সময় উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কাটাখালী এলাকায় পল্লী বিদ্যুতের সাবস্টেশনের পাশের ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় গৃহবধু আশুরা বেগম বলেন, আমি সকালে বাড়ি থেকে বের হয়ে পাকা রাস্তায় আসলে রাস্তার পাশে ডোবায় লাশ দেখতে পেয়ে গ্রাম পুলিশ কে জানাই।
স্থানীয় গ্রাম পুলিশ আবুল ফকির বলেন, সকাল ৮ টার দিকে স্থানীয় এক মহিলা প্রথমে লাশটি দেখতে পেয়ে আমাকে জানায়। আমি তাৎক্ষনিক ঘটনাটি সদরপুর থানা পুলিশকে জানালে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। লাশের মুখে রক্তের দাগ ছিল বলে জানান তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন শাহ্ বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। লাশের পরিচয় শনাক্তের জন্য পিবিআই কে জানানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে ময়না তদন্তের জন্য লাশটি মর্গে প্রেরণ করা হবে বলে জানান তিনি।





