সিরাজগঞ্জে ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার, ২ মোটরসাইকেল জব্দ
ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের সলংগা থানা পুলিশের বিশেষ অভিযানে ৮ কেজি গাঁজাসহ সেলিম উদ্দিন নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এসময় দুটি মোটরসাইকেল ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
সোমবার (৯ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৬টা ১০ মিনিটে সলংগা থানাধীন চড়িয়া শিকার মধ্যপাড়া এলাকায় সোনালী ব্যাংকের সামনে ঢাকা-নাটোর মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানোর সময় তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু (বিপিএম-বার) এর দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সিরাজগঞ্জ ও অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) এর তত্ত্বাবধানে সলংগা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই মোহাম্মদ মোনাহার হোসেন ও এএসআই ফরিদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স অংশ নেন।
চেকপোস্টে তল্লাশি চলাকালে সেলিম উদ্দিনের কাছ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সময়ে তার ব্যবহৃত একটি মোটরসাইকেল ও অজ্ঞাত এক ব্যক্তির ফেলে যাওয়া আরেকটি মোটরসাইকেলসহ একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে সলংগা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।





