ঈদকে সামনে রেখে শেরপুরে পুলিশের অপরাধ পর্যালোচনা সভা
মো:মাকসুদুর রহমান
শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুর জেলা পুলিশের ফেব্রুয়ারি ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ মার্চ) সকাল ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম–এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় শুরুতে ফেব্রুয়ারি মাসে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।
এরপর জেলার প্রতিটি থানার সার্বিক অপরাধচিত্র বিশ্লেষণ, মামলা নিষ্পত্তির অগ্রগতি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে থানা এলাকায় মাদক উদ্ধার, পরোয়ানা তামিল এবং চুরি-ছিনতাই প্রতিরোধে পুলিশি তৎপরতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় পুলিশ সুপার আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি বিপণিবিতান ও জনবহুল এলাকায় ছিনতাই ও ‘মলম পার্টি’র দৌরাত্ম্য রোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, মহাসড়কে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং ঈদের ছুটিতে ফাঁকা হয়ে যাওয়া বাসা-বাড়ির নিরাপত্তায় রাত্রিকালীন টহল জোরদারের ওপর গুরুত্ব দেন।
এ সময় তিনি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল পুলিশ সদস্যকে নিষ্ঠা, পেশাদারিত্ব ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) আব্দুল্লাহ আল মামুন, জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত) এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলার তদন্তকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





