সান্তাহারে নীলসাগর ট্রেনের নয়টি বগি লাইন চ্যুত
আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেল স্টেশনর অদূরে ছাতিয়ান গ্রাম ইউনিয়নের বাগ বাড়ী নামক স্থানে আজ বেলা সোয়া দুই ঘটিকার সময় ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামারী গামী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হয়েছে।
আজ (১৮ মার্চ) বুধবার বেলা সোয়া দুই ঘটিকার সময় ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামারী গামী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেন সান্তাহার স্টেশনে বিরতির পর ছেড়ে কিছু দূরে গিয়ে ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হয়েছে। ঘটনাটি ঘটেছে আদমদীঘি উপজেলার সান্তাহারের নিকটবর্তী ছাতিয়ান গ্রাম ইউনিয়নের বাগবাড়ী নামক স্থানে। এতে করে টেনের ছাদে থাকা বেশ কিছু যাত্রী আহত হয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের কোনো খবর পাওয়া যায়নি। আহতদেরকে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
এ বিষয়ে সান্তাহার স্টেশনের গ্রেড-১ স্টেশন মাস্টার খাদিজা বেগম বলেন, সান্তাহারের অদূরে বাগবাড়ী এলাকায় লাইন সংস্কারের কাজ চলছে। সেখানে লোকো মাস্টার সিগনাল খেয়াল না করার কারণে অতিরিক্ত যাত্রী বোঝাই ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হয়ে পরে। একক লাইনে ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণে রেল যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে আছে। উদ্ধার কাজ অব্যাহত রয়েছে এবং লাইন ক্লিয়ার করে ট্রেন চলাচল অতি দ্রুত স্বাভাবিক করার জন্য রেল কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান বলেন, রেলওয়ে পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী, ফায়ার সার্ভিসের সহযোগিতায় উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। আহতদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখনো নিহতের কোনো খবর পাওয়া যায়নি।





