ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর স্কুল শিক্ষার্থী নিশাতের (৬) বস্তাবন্দি মরদেহ উদ্ধার।
কাউছার আহমেদ টিপু, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর স্কুল শিক্ষার্থী নিশাতের (৬) বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের মোহনপুর গ্রামে বাড়ির পার্শ্ববর্তী একটি খোলা জায়গা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নিশাত মোহনপুর গ্রামের সৌদি প্রবাসী মোঃ আবু সাদেক মিয়ার মেয়ে। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ, ডিবি, র্যাব ও পিবিআই এর সদস্যরা।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, গত ১৫ এপ্রিল দুপুরে নিশাত চিপস কেনার কথা বলে ঘর থেকে বেরিয়ে যায়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় সদর থানায় একটি জিডিও করা হয়। কিন্তু তার সন্ধান পাওয়া যায়নি। পরে শুক্রবার দুপুরে স্থানীয় এক যুবক মোরগ ধরতে গিয়ে নিশাতের বাড়ির অদূরে একটি বস্তার ভেতর মরদেহ দেখতে পায়। বিষয়টি নিশাতের পরিবারকে জানানো হলে তারা ঘটস্থলে এসে নিশাতের পরিহিত কাপড় দেখে তার মরদেহ সনাক্ত করে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাটির তদন্ত শুরু করেছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।





