সদরপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন
শিমুল তালুকদার, সদরপুর থেকে
ফরিদপুরের সদরপুরে সারাদেশের ন্যায় অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকালে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে ফিতা কেটে এই বৃহৎ জনস্বাস্থ্য কর্মসূচির শুভ সূচনা করা হয়। ৫ এপ্রিল থেকে শুরু হওয়া এই বিশেষ কর্মসূচি আগামী ১২ মে পর্যন্ত পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই কর্মসূচির আওতায় সদরপুরসহ সারাদেশে ৯ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ৮টা থেকে টিকাদান কেন্দ্রগুলোতে শিশুদের এই টিকা প্রদান করা হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মমিনুর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শরিফ শাওন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিশুদের সুরক্ষায় এই টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি শিশুকে সময়মতো কেন্দ্রে এনে টিকা নিশ্চিত করতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, সদরপুর থানার অফিসার ইনচার্জ আল মামুন শাহ্, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জেল হোসেন, ডাঃ গোলাম রব্বানী সহ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।





