সারাদেশ

সিরাজগঞ্জে ব্রি ধান-২৮ এ ব্লাস্টের আক্রমণ, দিশেহারা কৃষক

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জে চলতি মৌসুমে ব্রি ধান-২৮ আবাদ করে চরম বিপাকে পড়েছেন হাজারো কৃষক। মাঠজুড়ে সোনালী ধানের সমারোহ দেখা গেলেও অধিকাংশ ক্ষেতেই ধানে দানা আসছে না। কোথাও চিটা, কোথাও আবার ব্লাস্ট রোগের আক্রমণে শুকিয়ে যাচ্ছে ধানের শীষ। জেলার ৯টি উপজেলাতেই এমন পরিস্থিতি দেখা দেওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।
সদর, কামারখন্দ, উল্লাপাড়া, কাজিপুর, শাহজাদপুরসহ জেলার বিভিন্ন এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, দূর থেকে ধান পেকে গেছে মনে হলেও কাছে গেলে বোঝা যায় অধিকাংশ শীষই ফাঁপা। অনেক ক্ষেতেই ধানের রঙ সোনালী হয়ে গেলেও ভেতরে দানা নেই। আবার কোথাও ব্লাস্ট রোগে আক্রান্ত হয়ে শুকিয়ে যাচ্ছে শীষ।
স্থানীয় কৃষকদের অভিযোগ, সময়মতো সার ও কীটনাশক প্রয়োগ করেও মিলছে না কোনো প্রতিকার। ধানের এমন অস্বাভাবিক অবস্থায় তারা হতবাক ও দিশেহারা হয়ে পড়েছেন। অনেক কৃষক বলছেন, বিঘার পর বিঘা জমির ধান এখন চিটায় পরিণত হয়েছে। ফলে উৎপাদন খরচ তোলা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।
কৃষকদের দাবি, আগে কখনও এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি। তারা মনে করছেন, বীজের মানের পরিবর্তন ও বিরূপ আবহাওয়ার কারণেই এ ধরনের রোগ ছড়িয়ে পড়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে সিরাজগঞ্জ জেলায় ১ লাখ ৪১ হাজার ৮০০ একর জমিতে ধানের আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৪১ হাজার ৭৫৫ মেট্রিক টন। তবে বিভিন্ন এলাকায় ফলন বিপর্যয়ের ঘটনায় কৃষকদের মধ্যে উদ্বেগ বাড়লেও কৃষি বিভাগ বলছে, সামগ্রিক উৎপাদনে বড় ধরনের প্রভাব পড়বে না।
এ বিষয়ে এ কে এম মনজুরে মাওলা বলেন, ব্রি ধান-২৮ একটি পুরনো জাত। দীর্ঘদিন ধরে চাষ হওয়ায় এটি নেক ব্লাস্ট রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই হারিয়েছে। এজন্য কৃষকদের এই জাতের ধান চাষে নিরুৎসাহিত করা হচ্ছে। পাশাপাশি মাঠ পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম ও পরামর্শ দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, কৃষকদের আধুনিক ও রোগ প্রতিরোধী জাতের ধান চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে।
এদিকে কৃষকদের অভিযোগ, শুধু পরামর্শ নয়, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য জরুরি সহায়তা ও কার্যকর পদক্ষেপ প্রয়োজন। তা না হলে জেলার কৃষি অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,