সিরাজগঞ্জে সড়কে মৃত্যু থামছেই না, পৃথক দুর্ঘটনায় দুই শিশুর প্রাণহানি
ওয়াসিম সেখ,সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই পরিবারের আরও চারজন আহত হয়েছেন। সোমবার (২৫ মে) বগুড়া-নগরবাড়ি মহাসড়কের দিলরুবা বাসস্ট্যান্ড ও মশিপুর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পাবনা জেলার সাথিয়া উপজেলা হলদিঘর গ্রামের সবুজ প্রামানিকের মেয়ে সারা খাতুন (৮) এবং শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের মশিপুর গুচ্ছ গ্রামের আলমগীরের ছেলে আহম্মদ (৭)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বেলা ১১টার দিকে দিলরুবা বাসস্ট্যান্ড এলাকায় একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে লবণবোঝাই ভটভটির (কুত্তাগাড়ি) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী সারা খাতুন ঘটনাস্থলেই মারা যায়। এ সময় আহত হন শিশুটির বাবা সবুজ প্রামানিক, মা মিতা খাতুন, বোন সোহা খাতুন ও ভাই আয়ান।
আহতদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
এদিকে দুপুরে একই মহাসড়কের মশিপুর এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় নিহত হয় শিশু আহম্মদ।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাক ও ভটভটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।





