মায়ের ভরন-পোষন দিতে নারাজ মসজিদের ইমাম : পিতা-মাতার ভরণ-পোষণ আইনে গ্রেফতার
এইচ এ বাবলু।।
চাঁদপুরের শাহরাস্তিতে পিতা-মাতার ভরণ-পোষণ আইন, ২০১৩-এর মামলায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৮ জুন) শাহরাস্তি থানা পুলিশের অভিযানে উপজেলার চেড়িয়ারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের দিকনির্দেশনায় এসআই (নিঃ) মোহাম্মদ আব্দুল কুদ্দুস সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলার চেড়িয়ারা (পাটোয়ারী বাড়ি) এলাকার বাসিন্দা আবু ইউছুফ পাটোয়ারী (৩৫)-কে গ্রেফতার করা হয়।
তিনি মৃত হাফেজ আহাম্মদ পাটোয়ারীর ছেলে। তার বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় দায়েরকৃত এফআইআর নং-১২, জিআর নং-১৫৭/২০২৬ মামলায় পিতা-মাতার ভরণ-পোষণ আইন, ২০১৩-এর ধারা ৫ ছাড়াও দণ্ডবিধি ১৮৬০-এর ৩২৩, ৩০৭, ৪২৭ ও ৫০৬ ধারায় অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শাহরাস্তি থানা পুলিশ জানায়, গ্রেফতারের পর অভিযুক্তকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, পিতা-মাতার ভরণ-পোষণ আইন, ২০১৩ অনুযায়ী সন্তানদের ওপর পিতা-মাতার যথাযথ ভরণ-পোষণের আইনগত বাধ্যবাধকতা রয়েছে। অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী শাস্তির বিধান রয়েছে।





