নিজমেহের মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচিতি ও শিক্ষক বিদায়
এইচ এ বাবলু:
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার নিজমেহের মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে নবনির্বাচিত পরিচালনা কমিটির পরিচিতি সভা ও শিক্ষক বিদায় অনুষ্ঠান আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির নবনির্বাচিত সভাপতি আলী আজগর মিয়াজী। বিশেষ অতিথি ছিলেন পরিচালনা কমিটির সদস্য মো. আজাদ মোল্লা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আযাদ হোসেন।
অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষে বক্তব্য দেন সিনিয়র শিক্ষক মো. মামুনুর রশিদ। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন রিজওয়ান বিন হাসান রাফি ও অর্পিতা।
বিদায়ী শিক্ষক শুভ্র ক্লান্তি মজুমদার-এর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরতে গিয়ে শিক্ষার্থীরা আবেগাপ্লুত হয়ে পড়েন। অনেক শিক্ষার্থী কান্নায় ভেঙে পড়েন। বক্তব্যে শিক্ষকরা বলেন, শুভ্র স্যার ছিলেন একজন মেধাবী, দক্ষ ও দায়িত্বশীল শিক্ষক, যার বিদায়ে বিদ্যালয়ে এক ধরনের শূন্যতা তৈরি হবে।
প্রধান শিক্ষক আযাদ হোসেন বলেন, শুভ্র স্যার সবসময় বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে পরামর্শ ও সহযোগিতা করেছেন এবং দীর্ঘ সময় অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
প্রধান অতিথির বক্তব্যে আলী আজগর মিয়াজী বলেন, “আমি অত্যন্ত ভাগ্যবান যে আমি স্যারের ছাত্র ছিলাম। আজ বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের দিনেই তাঁকে বিদায় জানাতে হচ্ছে। তিনি সারাজীবন আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে এই প্রতিষ্ঠানের জন্য কাজ করে গেছেন।”
এ সময় বিদায়ী শিক্ষককে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন প্রধান শিক্ষক, নবনির্বাচিত সভাপতি এবং বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ। একই সঙ্গে নবগঠিত পরিচালনা কমিটির সভাপতি ও সদস্যকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেন শিক্ষক-শিক্ষিকারা।
অনুষ্ঠানের শেষ পর্বে নবনির্বাচিত সভাপতি শিক্ষকবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।





