সারাদেশ

পলাশবাড়ীতে ৩০ পরিবারের চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দিয়েছে প্রতিবেশী। মানবেতর জীবনযাপন

বায়েজীদ পলাশবাড়ী (গাইবান্ধা) :
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের পশ্চিম ভগবানপুর গ্রামে প্রায় ৩০টি পরিবারের চলাচলের একমাত্র রাস্তা ইটের গাঁথুনি দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে কয়েকজন প্রতিবেশীর বিরুদ্ধে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং যে কোনো সময় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

জানা যায়, দীর্ঘদিন ধরে বাপ-দাদার আমল থেকে গ্রামের প্রায় ৩০টি পরিবার এই রাস্তাটি ব্যবহার করে আসছিল। সম্প্রতি প্রতিবেশী আঃ করিম, কায়সার মিয়া, জাহাঙ্গীর মিয়া, জিয়ারুল মিয়া, মিজানুর মিয়াসহ কয়েকজন ব্যক্তি ওই রাস্তায় ইটের গাঁথুনি নির্মাণ করে চলাচল বন্ধ করে দেন বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগীরা জানান, এই রাস্তাটি তাদের বাড়ি থেকে বের হওয়ার একমাত্র পথ। রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় তারা চরম দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে রিকশা, মিশুক, অটোরিকশা ও অটোভ্যান চালিয়ে জীবিকা নির্বাহকারী পরিবারগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। যানবাহন বের করতে না পারায় তাদের আয়-রোজগার প্রায় বন্ধ হয়ে গেছে। ফলে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে বলে অভিযোগ তাদের।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিষয়টি নিয়ে একাধিকবার গ্রাম্য শালিশ ও সমঝোতার চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি। অভিযোগ রয়েছে, অভিযুক্তদের মধ্যে আঃ করিম শালিশ বৈঠকে রাস্তা কোনো অবস্থাতেই ছেড়ে দেওয়া হবে না বলে জানিয়েছেন।

এলাকাবাসীর দাবি, দ্রুত সমস্যার সমাধান না হলে রাস্তা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বা মারামারির ঘটনা ঘটতে পারে। তাই প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

ভুক্তভোগী সায়দার আলী জানান, রাস্তা বন্ধ করে দেওয়ার ঘটনায় তিনি পলাশবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি প্রশাসনের কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে অভিযুক্তরা জানান আমাদের যায়গা আমরা বন্ধ করেছি। এটা রাস্তার জায়গা না। আমাদের যায়গা দিয়ে কাউকে রাস্তা দিবো না বলেও জানান।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, দীর্ঘদিনের ব্যবহৃত চলাচলের রাস্তা নিয়ে বিরোধ দ্রুত নিষ্পত্তি না হলে সামাজিক অস্থিরতা সৃষ্টি হতে পারে। তাই প্রশাসনের পক্ষ থেকে সরেজমিন তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধান প্রয়োজন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,