শাহরাস্তিতে প্রথমবার কৃত্রিম কোমর জয়েন্ট প্রতিস্থাপন
মেডিল্যাব হাসপাতালের নতুন মাইলফলক: উপজেলা পর্যায়েই মিলবে জটিল অর্থোপেডিক সেবা
এইচ এ বাবলু ॥
চাঁদপুরের শাহরাস্তিতে প্রথমবারের মতো উপজেলা পর্যায়ে সফলভাবে সম্পন্ন হয়েছে আধুনিক ‘Replacement Hemiarthroplasty with Bipolar Prosthesis’ (কৃত্রিম কোমর জয়েন্ট প্রতিস্থাপন) অস্ত্রোপচার। এতদিন এ ধরনের জটিল অর্থোপেডিক সার্জারির জন্য রোগীদের ঢাকাসহ বড় শহরের বিশেষায়িত হাসপাতালে যেতে হলেও এখন সেই উন্নত সেবা মিলছে শাহরাস্তিতেই। গত শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় শাহরাস্তির মেডিল্যাব হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টারে অস্ত্রোপচারটি সফলভাবে সম্পন্ন হয়। সংশ্লিষ্টদের মতে, এটি শুধু হাসপাতালটির নয়, শাহরাস্তি ও আশপাশের অঞ্চলের চিকিৎসাসেবায় একটি গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী অগ্রগতি।
দ্রুত স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ
হাসপাতাল সূত্রে জানা যায়, সাধারণত বয়স্ক ব্যক্তি কিংবা সড়ক দুর্ঘটনার মতো গুরুতর আঘাতে উরুর হাড়ের উপরের অংশ বা ফেমোরাল নেক (Femoral Neck) ভেঙে গেলে এ ধরনের অস্ত্রোপচারের প্রয়োজন হয়। চিকিৎসকরা জানান, সফল এই অস্ত্রোপচারে ক্ষতিগ্রস্ত হিপ জয়েন্টের বলের অংশ অপসারণ করে উন্নতমানের ‘Bipolar Prosthesis’ প্রতিস্থাপন করা হয়েছে। এর ফলে আক্রান্ত রোগী তুলনামূলক দ্রুত হাঁটাচলা শুরু করতে পারবেন এবং স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার সুযোগ পাবেন।
এই জটিল অস্ত্রোপচারটি সফলভাবে পরিচালনা করেন প্রখ্যাত অর্থোপেডিক সার্জন ডা. মো. আতীকুর রহমান সজীব। অস্ত্রোপচারে তাঁকে সহযোগিতা করেন ডা. দিপংকর চন্দ্র ভৌমিক এবং অ্যানেস্থেসিয়ার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন ডা. তৌহিদুর রহমান সজীব। অপারেশন টিম, নার্সিং স্টাফ এবং অপারেশন থিয়েটারের কর্মীদের সমন্বিত ও নিরলস প্রচেষ্টায় পুরো প্রক্রিয়াটি সফলভাবে সম্পন্ন হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এ ধরনের জটিল অর্থোপেডিক অস্ত্রোপচারের জন্য প্রয়োজনীয় অবকাঠামো, আধুনিক যন্ত্রপাতি ও অপারেশন থিয়েটারের সক্ষমতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন হাসপাতালের পরিচালক ডা. আরিফ উল হাসান। তাঁর উদ্যোগে ধাপে ধাপে হাসপাতালটিতে বিশেষায়িত অস্ত্রোপচারের পরিধি বাড়ানো হয়েছে। ফলে শাহরাস্তিসহ চাঁদপুর, কুমিল্লা, লক্ষ্মীপুর ও নোয়াখালীর সীমান্তবর্তী এলাকার রোগীরাও এখন নিজ এলাকার কাছাকাছি উন্নত চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন। এতে চিকিৎসা ব্যয়ের পাশাপাশি দূরবর্তী হাসপাতালে যাতায়াতের ভোগান্তিও অনেকাংশে কমবে।
শাহরাস্তির মেডিল্যাব হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টার এর আগেও একাধিক জটিল ও ব্যতিক্রমধর্মী অস্ত্রোপচারের মাধ্যমে জাতীয়ভাবে আলোচনায় এসেছে। হাসপাতালটিতে ২২ বছর বয়সী এক নারীর শরীর থেকে প্রায় ৩ কেজি ওজনের টিউমার এবং এর আগে এক রোগীর শরীর থেকে প্রায় ৮ কেজি ওজনের বিশাল টিউমার সফলভাবে অপসারণের ঘটনা দেশব্যাপী আলোচিত হয়। এছাড়া এক রোগীর পায়ুপথে আটকে থাকা একটি ডাব সফলভাবে অপসারণের বিরল অস্ত্রোপচারটি জাতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। সম্প্রতি হাসপাতালটিতে হেমি-থাইরয়েডেকটমি অস্ত্রোপচারও সফলভাবে সম্পন্ন হয়েছে।
উপজেলা হাসপাতালেও সম্ভব উন্নত সেবা
স্থানীয় চিকিৎসাসংশ্লিষ্টরা মনে করছেন, প্রত্যন্ত অঞ্চলে ধারাবাহিকভাবে এমন জটিল ও বিশেষায়িত অস্ত্রোপচার সফল হওয়া চিকিৎসাক্ষেত্রে একটি ইতিবাচক বার্তা দেয়। দক্ষ চিকিৎসক, আধুনিক যন্ত্রপাতি এবং প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত করা গেলে উপজেলা পর্যায়ের হাসপাতালেও যে দেশের শীর্ষ সারির চিকিৎসাসেবা দেওয়া সম্ভব—মেডিল্যাব হাসপাতালের এই নতুন মাইলফলক তারই এক উজ্জ্বল প্রমাণ।




