রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নির্বাচিত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ, ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান
এইচ এ বাবলু।।
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসেবে মনোনীত হওয়ায় চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপির নেতা ইঞ্জিনিয়ার মমিনুল হক এবং শাহরাস্তি উপজেলা বিএনপির নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নবনির্বাচিত আহ্বায়ক জনাব ফখরুল ইসলাম বিলাস।
এক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা বার্তায় তিনি বলেন, রাজনৈতিক জীবনের সূচনা হয়েছিল জিয়া শিশু-কিশোর দলের মাধ্যমে। পরে তিনি রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন। দীর্ঘ প্রায় ৩৫ বছরের রাজনৈতিক জীবনে তিনি দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করেছেন। এ সময় তিনি দলীয় আদর্শ, ত্যাগ ও শৃঙ্খলাকে ধারণ করে সংগঠনকে শক্তিশালী করা এবং রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নিরলসভাবে কাজ করেছেন বলে উল্লেখ করেন।
নবঅর্পিত দায়িত্ব সম্পর্কে তিনি বলেন, “আমার ওপর অর্পিত এই দায়িত্ব সর্বোচ্চ নিষ্ঠা, সততা, জবাবদিহিতা ও দায়িত্ববোধের সঙ্গে পালনের চেষ্টা করব, ইনশাআল্লাহ।”
তিনি রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন বিএনপি এবং দলের সকল সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে যারা তাঁর পাশে থেকে সাহস, অনুপ্রেরণা ও সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি তিনি গভীর কৃতজ্ঞ।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি আহ্বান জানিয়ে বলেন, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কোনো কর্মকাণ্ডে কেউ যেন জড়িত না হন। পারস্পরিক শ্রদ্ধা, শৃঙ্খলা ও ঐক্য বজায় রেখে সবাইকে সংগঠনকে আরও শক্তিশালী করতে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও জানান, খুব শিগগিরই প্রতিটি ওয়ার্ডে যোগ্য, ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের সমন্বয়ে শক্তিশালী ও কার্যকর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। এ ক্ষেত্রে সকলের মতামত, পরামর্শ ও সাংগঠনিক অবদানকে গুরুত্ব দেওয়া হবে।
আহ্বায়ক কমিটির সাংগঠনিক সীমাবদ্ধতার কারণে অনেক যোগ্য, ত্যাগী ও অভিজ্ঞ নেতাকর্মী বর্তমান কমিটিতে স্থান পাননি উল্লেখ করে তিনি বলেন, পূর্ণাঙ্গ কমিটি গঠনের সময় তাঁদের যোগ্যতা, ত্যাগ ও অবদান যথাযথভাবে মূল্যায়ন করা হবে।
অতীতের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতেও দল, নেতাকর্মী এবং ইঞ্জিনিয়ার মমিনুল হকের নেতৃত্বকে আরও সুসংহত ও শক্তিশালী করতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সবশেষে তিনি ব্যক্তিগত প্রাপ্তি-অপ্রাপ্তির ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বিএনপির আদর্শ ধারণ করে দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের কর্মসূচি বাস্তবায়ন এবং একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন।



