ধুনটে ইটভাটার তালা ভেঙে দুই টলি ইট নিয়ে যাওয়ার অভিযোগ
ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:
বগুড়ার ধুনট উপজেলার চক ডাকাতিয়া এলাকায় একটি ইটভাটায় তালা ভেঙে জোরপূর্বক প্রবেশ করে দুই টলি ইট নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (৩০ জুলাই) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযোগকারী পক্ষ জানায়, ‘মেসার্স এফ.এম.বি ইটভাটা’-এর মালিকানা ও সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সম্প্রতি একটি হলফনামার মাধ্যমে ভাটার স্থাপনা ও মালামাল বিক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এরপর থেকেই ভাটার দখল ও মালিকানা নিয়ে বিরোধ আরও তীব্র আকার ধারণ করে।
অভিযোগ অনুযায়ী, বুধবার সকালে নুরু, নিজাম মাস্টার ও তৌহিদ নামে তিন ব্যক্তি কয়েকজন সহযোগীকে নিয়ে টলি নিয়ে ইটভাটায় আসেন। সে সময় ভাটার মূল ফটকে তালা ঝুলানো ছিল। তারা দায়িত্বরত নাইট গার্ড মো. আয়ুব আলীকে গেট খুলে দিতে বলেন। তিনি অস্বীকৃতি জানালে অভিযুক্তরা ইট দিয়ে তালা ভেঙে ভাটায় প্রবেশ করেন এবং সেখান থেকে দুই টলি ইট নিয়ে চলে যান বলে অভিযোগ করা হয়েছে।
নাইট গার্ড মো. আয়ুব আলী বলেন, আমি গেট খুলতে রাজি না হওয়ায় তারা জোর করে তালা ভেঙে ভেতরে ঢুকে ইট নিয়ে যায়। আমি বাধা দেওয়ার চেষ্টা করলেও তারা তা আমলে নেয়নি।
স্থানীয় বাসিন্দা মো. জহুরুল ইসলাম এবং মালিকপক্ষের মো. নুর নবী ও মো. সানোয়ার হোসেনও অভিযোগের সত্যতা দাবি করেছেন। তাদের ভাষ্য, ঘটনাটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে এবং এতে তাদের আর্থিক ক্ষতি হয়েছে।
তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত নুরু, নিজাম মাস্টার ও তৌহিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগকারী পক্ষ জানিয়েছে, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।





