সারাদেশ

সাড়ে ৬ ঘণ্টা পর স্বাভাবিক ঢাকা-উত্তরাঞ্চল রেল যোগাযোগ

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী রেলস্টেশনে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় প্রায় সাড়ে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-উত্তর ও পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৫টা ৪৩ মিনিটে চিলাহাটি এক্সপ্রেস ট্রেন চলাচল শুরু করলে এই রুটে ট্রেন চলাচল পুনরায় চালু হয়। এ ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ে।
রেলওয়ে সূত্র জানায়, মঙ্গলবার সকাল ১০টা ৫৫ মিনিটে রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস শহীদ এম মনসুর আলী স্টেশনে পৌঁছালে একটি বগির চাকা লাইনচ্যুত হয়ে খসে পড়ে। এতে ঢাকা-ঈশ্বরদী রেলপথে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং উত্তর ও পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়।
দুর্ঘটনার পর দুপুরের দিকে ঈশ্বরদী থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় চার ঘণ্টার চেষ্টায় লাইনচ্যুত বগিটি উদ্ধার করে জামতৈলের দিকে সরিয়ে নেওয়া হয়। পরে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত শেষে বিকেল ৫টা ৪৩ মিনিটে প্রথমে চিলাহাটি এক্সপ্রেস চলাচল শুরু করে। এরপর ধাপে ধাপে অন্যান্য ট্রেনও গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।
দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ থাকায় উল্লাপাড়াসহ বিভিন্ন স্টেশনে শত শত যাত্রী আটকা পড়েন। নারী, শিশু, বৃদ্ধ ও অসুস্থ যাত্রীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন। অনেকেই ঘণ্টার পর ঘণ্টা প্ল্যাটফর্মে অপেক্ষা করার পর বিকল্প যানবাহনে গন্তব্যে রওনা দেন।
ঢাকাগামী যাত্রী লিমন আনন্দবাজারকে জানান, জরুরি কাজে রাজধানীতে যাওয়ার পরিকল্পনা থাকলেও ট্রেন বন্ধ থাকায় দীর্ঘ সময় স্টেশনে অপেক্ষা করতে হয়েছে। কখন ট্রেন চলবে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। আরেক যাত্রী বলেন, আগে থেকেই টিকিট কাটা থাকলেও ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সময় ও অর্থ-দুই দিক থেকেই ক্ষতির মুখে পড়তে হয়েছে।
উল্লাপাড়া রেলস্টেশনের স্টেশন মাস্টার আব্দুল বাতেন বলেন, দুর্ঘটনার পর উদ্ধারকারী দল দ্রুত কাজ শুরু করে। লাইন সচল হওয়ার পর ট্রেন চলাচল শুরু হলেও সব ট্রেনের সময়সূচি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা মোশারফ হোসেন ভূঁইয়া জানান, বিকেল ৪টা ৫০ মিনিটে লাইনচ্যুত বগিটি উদ্ধার করা হয়। এরপর বিকেল ৫টা ৪৩ মিনিটে চিলাহাটি এক্সপ্রেস ছেড়ে যাওয়ার মাধ্যমে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে মোশারফ হোসেন ভূঁইয়ার নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ে। কমিটিকে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় রেল ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলম বলেন, প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেনের বগিটি লাইনচ্যুত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,