সারাদেশ

‘ভাড়া চাওয়াকে চাঁদাবাজি হিসেবে প্রচার করা হয়েছে’ দাবি মহিলা দল নেত্রী ফাতেমার। 

বেলাল হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের ভুল্লী উপজেলার শুখানপুখুরী ইউনিয়ন বিএনপির মহিলা দলের সভানেত্রী ফাতেমা আক্তার তাঁর বিরুদ্ধে মাছ ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি এবং চাঁদা না পেয়ে দোকান উচ্ছেদের অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন। তিনি অভিযোগগুলোকে ‘মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছেন।
সম্প্রতি বিভিন্ন ফেসবুক পেজ ও সংবাদমাধ্যমে ‘চাঁদা না পেয়ে মাছ ব্যবসায়ীর দোকান উচ্ছেদের অভিযোগ মহিলা দলের সভানেত্রীর বিরুদ্ধে’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদের প্রতিবাদ জানিয়ে ফাতেমা আক্তার লিখিত বক্তব্যে তাঁর অবস্থান তুলে ধরেন।
ফাতেমা আক্তারের দাবি, ওকড়াবাড়ী বাজারসংলগ্ন তাঁর বসতভিটার পাশের নিজস্ব জায়গায় আবুল হোসেন নামের এক মাছ ব্যবসায়ী ব্যবসা করতেন। এ বিষয়ে ২০২৫ সালের ১৬ মে উভয় পক্ষের মধ্যে একটি লিখিত চুক্তি হয়। চুক্তি অনুযায়ী কোনো জামানত ছাড়াই মাসিক ৫০০ টাকা ভাড়ায় ওই জায়গায় ব্যবসা করার কথা ছিল।
ফাতেমা আক্তার বলেন, চুক্তি অনুযায়ী প্রথম তিন মাসের ভাড়া পরিশোধ করা হলেও পরবর্তী কয়েক মাসের ভাড়া দেওয়া হয়নি। গত ৪ আগস্ট বিকেলে বকেয়া ও চলতি মাসের ভাড়া চাইতে গেলে আবুল হোসেন ভাড়া দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। ভাড়া চাওয়ার বিষয়টিকে চাঁদাবাজি হিসেবে উপস্থাপন করে তাঁকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা করা হয়েছে।
ফাতেমা আক্তার তাঁর লিখিত প্রতিবাদে বলেন, ঘটনার সময় মো. ওয়ালিয়ার রহমান, মো. মিজানুর রহমান, মো. আবু বক্কর, মো. নাজমুল আলম (হাসান ডাঃ), মো. দুলাল হোসেন, মো. সিদ্দিক, মো. কোরবান আলী, মো. ফাহিম হোসেন, মো. বেলাল ও মো. গফুর মণ্ডলসহ আরও কয়েকজন সেখানে উপস্থিত ছিলেন। তাঁর দাবি, উপস্থিত ব্যক্তিরা ভাড়া চাওয়ার বিষয়টিকে চাঁদাবাজি হিসেবে উপস্থাপনের চেষ্টা করেন।
প্রতিবাদলিপিতে ফাতেমা আক্তার আরও দাবি করেন, মো. জয়নাল আবেদীন ও মো. ইব্রাহীম খলিল বিষয়টি জানার পরও তাঁর বক্তব্য আমলে নেননি। বরং তাঁরা বিবাদীপক্ষকে পক্ষপাতমূলক ও উসকানিমূলক কথা বলে মোবাইল ফোনে সহযোগিতা করেছেন বলে অভিযোগ করেন তিনি। এতে ঘটনাস্থলে তাঁকে বিভিন্নভাবে হেনস্তা, অপমান ও অপদস্ত করা হয়েছে বলেও দাবি করেন ফাতেমা আক্তার।
তবে দোকান উচ্ছেদ, মাছ রাস্তায় ফেলে দেওয়া কিংবা কারও সঙ্গে অশোভন আচরণ ও ধাক্কাধাক্কির অভিযোগ অস্বীকার করেছেন ফাতেমা আক্তার।
তিনি বলেন, আমি কারও দোকান উচ্ছেদ করিনি এবং মাছ রাস্তায় ফেলে দেওয়ার ঘটনাও ঘটেনি। এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। বরং তাঁরাই আমাদের সঙ্গে খারাপ ব্যবহার ও অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন।’
ফাতেমা আক্তারের অভিযোগ, তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ প্রকাশ করা হলেও সংশ্লিষ্ট গণমাধ্যম তাঁর বক্তব্য নেয়নি। একই সঙ্গে জায়গা ভাড়ার লিখিত চুক্তিপত্র যাচাই না করেই সংবাদ প্রকাশ করা হয়েছে। এতে তাঁর সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করেন তিনি।
প্রকাশিত সংবাদের তথ্য ও অভিযোগ পুনরায় যাচাই করে প্রকৃত ঘটনা তুলে ধরার জন্য সংশ্লিষ্ট গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছেন ফাতেমা আক্তার। প্রয়োজনে জায়গা ভাড়ার লিখিত চুক্তিপত্রসহ প্রয়োজনীয় নথিপত্র উপস্থাপন করতে প্রস্তুত আছেন বলেও জানান তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,