শাহরাস্তিতে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
এইচ এ বাবলু
চাঁদপুরের শাহরাস্তিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ। ১৫ আগস্টকে কেন্দ্র করে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান ও কার্যক্রমে অংশ নেওয়ার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের নির্দেশনায় এসআই (নিঃ) আব্দুল কুদ্দুছ সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় শাহরাস্তি মডেল থানার এফআইআর নং-১৬, তারিখ ১৫ আগস্ট ২০২৬; জিআর নং-২৫৯ এবং সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৮/৯/১০/১২ ধারায় দায়ের করা মামলায় এজাহারনামীয় চার আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মেহেরাজ হোসেন অপু (২২), পিতা কামরুল হাসান, সাং দেবীপুর (মুন্সি বাড়ী); শুভ আহমেদ (২৩), পিতা সিরাজুল ইসলাম, সাং বানিয়াচৌ (চৌকিদার বাড়ী); মহিন উদ্দিন (৩০), পিতা মো. জামাল মিয়া, সাং পাথৈর (ইব্রাহীম হাজী বাড়ী); এবং মো. সাব্বির হোসেন (২১), পিতা মৃত সিরাজুল ইসলাম, সাং নাইনগর (নিয়াজের বাড়ী)। তারা সবাই শাহরাস্তি উপজেলার বাসিন্দা।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাদের পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে।
তবে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।





