জয়পুরহাটে নানা আয়োজনে মৎস্যপক্ষের উদ্বোধন
জয়পুরহাট জেলা প্রতিনিধি:
‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে জয়পুরহাটে মৎস্যপক্ষের উদ্বোধন করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকালে মৎস্যপক্ষের উদ্বোধন করেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী।
এ উপলক্ষে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসন চত্বরে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা মৎস্য অফিসের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী।
এ সময় জেলা প্রশাসক আল মামুন মিয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার শাহনাজ বেগম, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন ও জেলা মৎস্য কর্মকর্তা মাসুদ রানা।
সভায় বক্তারা বলেন, মৎস্য উৎপাদনে জয়পুরহাটের অগ্রগতি আশাব্যঞ্জক। এ খাতকে আরও সমৃদ্ধ করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, মৎস্যচাষিদের প্রশিক্ষণ এবং সরকারি সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।
মৎস্যপক্ষ উপলক্ষে জেলায় মাছের পোনা অবমুক্তকরণ, প্রামাণ্যচিত্র প্রদর্শন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সফল মৎস্যচাষিদের মধ্যে পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।





